প্রতিবছরের মত এ বছরেও কলকাতার পাশেই ডায়মন্ড হারবার রোডের ধারে নলেজ সিটিতে পাঁচ দিনব্যাপী পৌষ মেলা আয়োজিত হতে চলেছে। আগামী ১লা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি নলেজ সিটি প্রাঙ্গনে শাস্তিনিকেতনের আদলে প্রকৃতির কোলে অনুষ্ঠিত হবে পৌষ মেলা ২০২৬। প্রত্যহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে এই মেলার দিনগুলি। এ বছর ২৩৫টির ও বেশি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছেন এই মেলাতে। পৌষ মেলা উপলক্ষে নলেজ সিটি প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে নৃত্য, সঙ্গীত, কবিতা, নাটক, ভাষ্যপাঠ, গুণী মানুষদের প্রতিভার বিচ্ছুরণে। এই মেলায় অসংখ্য কবি, শিল্পী ও সাহিত্যিক অংশগ্রহণ করছেন।
২০ শে ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার উদ্যোক্তা এবং নলেজ সিটির কর্ণধার আব্দুল রব বলেন, “শান্তিনিকেতনের মত করে পৌষ মেলার আয়োজন করি যাতে আমার নলেজ সিটির শিক্ষার্থীদের মধ্যে নিজের সংস্কৃতির প্রতি চেতনা বৃদ্ধি পায়। ছাত্রছাত্রীরা মেলায় আগত কবি সাহিত্যিকদের সান্নিধ্যে এসে আরো ভালো মানুষ হয়ে ওঠার প্রেরণা পাবে।”
