সংজ্ঞা’র রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ১৪ জুলাই রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে অংশ নিয়েছিলেন শিল্প-সংস্কৃতি জগতের প্রথিতযশা ব্যক্তিত্বরা। এদিন বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় মীরাক্কেল খ্যাত অতনু বর্মন, সঙ্গীতশিল্পী পদ্মপলাশ এবং উর্মিমালা বসু কে। তারা সকলেই এদিন অনুষ্ঠানে অংশগ্রহণও করেন। একটি শ্রুতি নাটক পরিবেশনে ছিলেন উর্মিমালা বসু, কৌতুকাভিনয় করেন অতনু বর্মন এবং কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন পদ্মপলাশ। একক আবৃত্তি পরিবেশনে ছিলেন প্রণতি ঠাকুর, কাজল সুর, সুকুমার ঘোষ, সুদীপ্ত রায়, আমেরিকা থেকে অতিথি শিল্পী কল্লোল চট্টোপাধ্যায় এবং আগরতলা থেকে দীপক সাহা। শত্রু-মিত্র তফাৎ বুঝিনা, শান্তি খুঁজি শিরোনামে আবৃত্তি পাঠ ও গানের একটি সম্মেলক উপস্থাপনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, বিপ্লব চক্রবর্তী, প্রীতি দত্ত, স্বরূপ পাল এবং স্বাতী পাল। গ্রন্থনায় ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। অদ্বিতীয়ার সম্মেলক নিবেদনে ছিল যখন বৃষ্টি নামলো। অংশগ্রহণে ছিলেন ড: সুরজিৎ রায়, অন্তরা দাস ও অদ্বিতীয়ার সদস্যরা। দীপক সাহার পরিচালনায় কাব্যায়ন, আগরতলার নিবেদনে ছিল মনসামঙ্গল। সংজ্ঞা’র সদস্যদের সম্মেলক বাচিক উপস্থাপনায় ছিল ভঙ্গ বঙ্গদেশ।
সংস্কৃতির নানান ধারার সংমিশ্রণ ছিল এই অনুষ্ঠানে যা শ্রোতাদের আনন্দ দেয়| এদিনের অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় ছিলেন সংজ্ঞা’র প্রাণপুরুষ বিপ্লব চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু ও সুদীপ্তা ভাদুড়ী। আবহে শুভ্র সেনগুপ্ত, তবলায় অরবিন্দ প্রধান, কী বোর্ডে প্রদ্যুৎ গাঙ্গুলী এবং মঞ্চ নির্মাণে কৈলাশ দাস।
