অনুষ্ঠিত হল নব রবি কিরণের বসন্তোৎসব

নব রবি কিরণের নিবেদনে কলকাতার দুই মঞ্চে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বসন্তোৎসব। ১ মার্চ, সন্ধ্যেয় অহীন্দ্র মঞ্চে ছিল প্রথম দিনের অনুষ্ঠান। শুরুতেই বসন্তের সম্মেলক সঙ্গীত পরিবেশনে ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশনে ছিলেন রঞ্জিনী মুখোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, রিমা মিত্র, শমীক পাল, অদিতি গুপ্ত, অরিত্র দাশগুপ্ত, প্রিয়াঙ্গী লাহিড়ী, দেবাদৃত চট্টোপাধ্যায়, দীপাবলি দত্ত, ঋক বসু, সিসপিয়া ব্যানার্জী, উৎসব দাস, সোমদত্তা ব্যানার্জী, সায়ন্তন অধিকারী প্রমুখ। নব রবি কিরণ সঙ্গীত শিক্ষায়তন এর নিবেদনে ছিল বসন্তের সম্মেলক গান। কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরী কে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় নৃত্য-গীতি-আলেখ্য আলোর পথযাত্রী।

প্রবুদ্ধ রাহা মিউজিক একাডেমির সমবেত নিবেদনে ছিল সংগীতানুষ্ঠান ‘এবেলা ডাক পড়েছে’। এছাড়াও ছিল নব রবি কিরণ সঙ্গীত শিক্ষায়তন এর ব্যান্ড এর উপস্থাপনা। নব রবি কিরণের প্রাণপুরুষ অরিজিৎ মিত্র জানান, ‘নব নালন্দার ৬০ বছর। সারা বছর ধরে প্রতিশ্রুতি মতো আমরা নানা ধরনের অনুষ্ঠান করব একাডেমিক, স্পোর্টস, শিল্প-সংস্কৃতির নানান ক্ষেত্র নিয়ে। মেঘনাদ বধ কাব্যর মঞ্চায়ন, গানের ভিতর দিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার শুভ সূচনা, জীবন পুরের পথিক অনুষ্ঠানের পর দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। প্রতিবারের মতো এবারও কলকাতা এবং শান্তিনিকেতনের নব নালন্দা তে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এবারের অনুষ্ঠানটা আমরা একটু অন্যভাবে ভেবেছিলাম – বসন্তের গান, কবিতা, নৃত্যনাট্য সহ একক সঙ্গীতের অনুষ্ঠান নিয়ে। সলিল চৌধুরীর শতবর্ষে তাঁর কথায়-গানে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে মঞ্চস্থ করা হল আলোর পথ যাত্রী’। ২ মার্চ, সন্ধ্যেয় উত্তম মঞ্চে বসন্ত উৎসবের দ্বিতীয় দিনের শুরুতেই ছিল সমবেত সিনথেসাইজারের উপস্থাপনা ‘বসন্তের সুর’। পরিবেশনায় ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। পরিচালনায় ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ‘হে বসন্ত হে সুন্দর’ শিরোনামে সমবেত আবৃত্তি পরিবেশনে ছিল ব্রততী পরম্পরা। সম্মেলক গান পরিবেশনে ছিল নব রবি কিরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্তের গান পরিবেশনে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রমিতা মল্লিক, সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী বল্লরী বাগচী। এদিনের শেষ নিবেদন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’র ‘কথা’ পর্বের কবিতা ‘হোরিখেলা’ অবলম্বনে নৃত্য-গীতি-আলেখ্য “পত্র দিল পাঠান কেসর খাঁরে কেতুন হতে ভূনাগ রাজার রানী”। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ মিত্র। সঞ্চালনায় ছিলেন দেবযানী ঘোষ।