ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ কলকাতার আয়োজনে ২০ মার্চ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ‘পরম্পরা নৃত্যোৎসব ২০২৪’। ভারতীয় নৃত্যের চর্চাকেন্দ্র হিসেবে ২০০১ সালে, যাত্রা শুরু করেছিল ক্রিয়েটিভ ডান্স ওয়ার্কশপ কলকাতা। শাস্ত্রীয়নৃত্য, লোকনৃত্য, ছৌ-নৃত্যের পাশাপাশি সমকালীন নৃত্যধারা, নবনৃত্য কে নিয়ে তাদের নিরন্তন যাপন। ইতিমধ্যে তারা উপস্থাপিত করেছেন নানান আঙ্গিকের নৃত্য প্রযোজনা। যেমন রবিঠাকুরের ‘বধূ’, কবিতা অবলম্বনে ‘বেলা যে পড়ে এল জলকে চল’, ছৌ, লোকনৃত্য গম্ভীরার আঙ্গিকে ‘রুদ্রভৈরব’, পুরুলিয়ার ছৌ-নৃত্য আঙ্গিক ও মুখোশের সমন্বয়ে ‘তাসের দেশ’, আফ্রিকার বর্ণ বিদ্বেষ বিরোধী কবি ল্যাংস্টন হিউসের কবিতা অবলম্বনে ‘সুদূর দক্ষিণে ডিক্সিতে’ এবং আরও অনেক নৃত্য নির্মিতি।
২০ মার্চ, রথীন্দ্র মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে পরম্পরা নৃত্যোৎসবের শুভ সূচনা করেন স্বনামধন্য ভরতনাট্যম নৃত্যশিল্পী গুরু অনিতা মল্লিক, ক্রিয়েটিভডান্স ওয়ার্কশপের কর্ণধার ড. শেলী পাল প্রমুখ। উৎসবের প্রথম নিবেদনে ছিল অত্তদীপ এর ‘বুদ্ধকারিকা’। পরিচালনায় ছিলেন মধুশ্রী চৌধুরী। এটি মূলত তথাগত বুদ্ধের জীবনাসৃত নৃত্যনাটিকা। এরপর অরিন্দম ব্যানার্জীর পরিচালনায় বহরমপুর কলাক্ষেত্র ডান্স গ্রুপ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বধূ’ কবিতা অবলম্বনে ‘অশ্রু নদীর সুদূর পারে’। এদিনের শেষ নিবেদন ছিল রবীন্দ্রনাথের শিশুতীর্থ অবলম্বনে কলাপী’র এক বিশেষ নৃত্যকাব্য প্রযোজনা। পরিচালনায় ছিলেন সুমিতা নন্দী।

