বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হলো ‘ভূমিসূত্রা‘র ‘তিন শাওনের এপিটোম‘

৩০শে জুলাই, বুধবারের বর্ষাভেজা সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমী সভাঘরে অনুষ্ঠিত হলো ‘ভূমিসূত্রা‘ বাচিক অঙ্গনের তৃতীয় বার্ষিক জন্মদিন উদযাপনে ‘তিন শাওনের এপিটোম‘। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট বেতার শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে ভূমিসূত্রার কর্ণধার সুমনা দাস পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘রক্তকরবী‘ নাটকের কিছু নির্বাচিত অংশ। এই পরিবেশনায় গানগুলি গেয়ে শ্রী সুদীপ বসু আলাদা মাত্রা যোগ করেন। বিশেষ অতিথি শ্রী সত্যপ্রিয় সরকারের সঙ্গে ঋতুপর্ণা সিনহা শোনান সুমনা দাসের লেখা নাটক ‘মেড ইন হেভেন‘। প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী অনিন্দ্য গুপ্তের কন্ঠে ‘বাতিল‘ নাটকের একক শ্রুতি অভিনয় সমস্ত শ্রোতাদের নির্বাক করে দিয়েছিল।

‘তিন শাওনের এপিটোম‘ অনুষ্ঠানের কিছু মুহূর্ত

‘ভূমিসূত্রার‘ শিল্পীবৃন্দের দুটি সম্মেলক উপস্থাপনা শ্রোতাদের ভূয়সী প্রশংসা পায়। সংস্থার অভিজ্ঞ শিল্পীদের পরিবেশনায় বসন্ত বিলাপ সিনেমার শ্রুতিনাট্যরূপ ‘বৃষ্টিতে বসন্ত‘ হাসির রোল তোলে সভাঘরে। আমন্ত্রিত দল – ‘দক্ষিণ কলকাতা কলাকুশলী‘, ‘দুর্গাপুর শ্রুতিরঙ্গম‘, ‘মুকুর নাট্যগোষ্ঠী‘র অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমন্ডিত হয়ে ওঠে। বিভিন্ন নতুন আবৃত্তি উচ্চারণে ছিলেন অজন্তা চক্রবর্তী, ডালিয়া বসু সাহা, দীপ মন্ডল, আর্যিকা ঘোষাল এবং অভিস্মিতা মাইতি। সম্পূর্ণ অনুষ্ঠানে অলকেশ দে সরকারের আবহ প্রশংসার দাবী রাখে। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ডক্টর সৌরভ চন্দ্র। তিনি জানান, এই ঘোর শ্রাবণ সন্ধ্যায় বাঙলা একাডেমীর বৃহৎ সভাঘরভরা শ্রোতাদের উপস্থিতি মুগ্ধ করেছে। ‘ভূমিসূত্রা‘র সম্পাদিকা সুমনা দাস বলেন, ‘তিন শাওনের এপিটমের‘ সাফল্যের পেছনে রয়েছে অংশগ্রহণকারী সকল শিল্পীদের অবদান এবং তিনি আশা রাখেন এই ভাবেই ‘ভূমিসূত্রা‘ আগামী বছরগুলিতে আরো বেশি পারদর্শিতা দেখাবে।