সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, ‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের কল্পনাতীত সাফল্যের পর অনুষ্ঠিত হচ্ছে গানের ভিতর দিয়ে সিজন ৪। আয়োজনে নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যেয়, নালন্দা ভবনে এক সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারই শুভ সূচনা হয়। প্রসঙ্গত ‘গানের ভিতর দিয়ে’ – রবীন্দ্রগানে প্রতিভার অন্বেষণ এর আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল ২০২১ সালের ৪ ডিসেম্বর। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমবেত পরিবেশনে ছিল আকাশ জুড়ে শুনিনু, আগুনের পরশমণি এবং গানের ভিতর দিয়ে রবীন্দ্র গান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপালা বসু, রঞ্জিনি মুখোপাধ্যায়, প্রিয়াঙ্গি লাহিড়ী, অরিত্র দাশগুপ্ত, সিসপিয়া ব্যানার্জী, ময়ূরী সাহা, দেবাদৃত চট্টোপাধ্যায়। নব রবি কিরণ এর পক্ষ থেকে অরিজিৎ মিত্র জানান, ‘নব রবি কিরণ এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে সারা বাংলা রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি রবীন্দ্রনাথ আমাদের গৃহ, আমরা সেই গৃহের গৃহস্থ। রবীন্দ্রনাথের গান আরো বেশি করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। বাংলা সংস্কৃতির শেষ কথা তিনিই। অনেকে অন্য ধরনের গানের কথা বললেও আমরা শুধুমাত্র কবিগুরুর গান নিয়েই প্রতিযোগিতার আয়োজন করে আসছি।
শুরু হয়ে গেছে অনলাইন, অফলাইন ফর্ম ফিলাপ। এই ফর্ম পাওয়া যাচ্ছে সাদার্ন অ্যাভিনিউতে নব নালন্দা ভবনে, শান্তিনিকেতন পশ্চিম পল্লী নব নালন্দা ভবনে এছাড়াও বাওয়ালি মন্ডল রোডে নব রবি কিরণের স্টুডিও তে ফর্ম পাওয়া যাচ্ছে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে আছেন কলকাতার প্রথিতযশা নবীন ও প্রবীণ সংগীত শিল্পীরা। আমরা চাই যারা শুধুমাত্র রবীন্দ্র সংগীতের চর্চা করে থাকেন বা করতে চান, তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, আমাদের সঙ্গে থাকুন। কারণ আপনাদের জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি’।
অনুষ্ঠানে আমার মল্লিকা বোনে গানটি যৌথ নিবেদনে ছিলেন রঞ্জিনী মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্গী লাহিড়ী। অরিত্র দাশগুপ্ত ও ময়ূরী সাহার নিবেদনে ছিল জগত জুড়ে উদার সুরে। সিসপিয়া ও দেবাদৃতর যৌথ নিবেদনে ছিল তোমার খোলা হাওয়া ও আমি বাংলায় গান গাই।
সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, ‘গানের ভিতর দিয়ে’র চতুর্থ বর্ষের প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকছে। উন্মেষ (১০ থেকে ১৪ বছর), বিকাশ (১৫ থেকে ১৮ বছর) এবং ঐশ্বর্য (১৯ বছর ও তার উর্ধ্বে)। প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ১২, ৮ ও ৫ হাজার টাকা। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার চুক্তি এবং নগদ পুরস্কার। প্রতিযোগিতার প্রাক-প্রাথমিক পর্যায় অনুষ্ঠিত হবে অনলাইনে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে অফলাইনে এবং চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে ৭ জুন, অহীন্দ্র মঞ্চে। অনলাইন (www.nrkevents.com) এবং অফলাইনেও গানের ভিতর দিয়ে প্রতিযোগিতার আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ এপ্রিল, ২০২৬।

