মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জিকে সংবর্ধনা জানালো অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম

১২ই নভেম্বর কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জিকে সংবর্ধনা জানালো অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, বিচারপতি দীপক সাহা রায়, কলকাতা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য আইনী প্রশিক্ষক সমরেন্দু চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সঞ্জয় বর্ধন, কল্যাণ চক্রবর্তী, সুরঞ্জন দাসগুপ্ত, স্বাগত দত্ত, গোরাচাঁদ রায় চৌধুরী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান, “মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি একাধারে যেমন কলকাতা হাইকোর্টের দীর্ঘদিন বিচারপতি পদে গুরত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি মেঘালয় হাইকোর্টের ১৩ তম প্রধান বিচারপতি হিসাবে বাঙালি কে গর্বিত করেছেন”।

মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি তাঁর বক্তব্যে জানান, “বিচারপ্রার্থীর আবেদন গুরুত্ব দিয়ে পড়াটা সঠিক বিচার করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিচারের নির্দেশ যাতে বিচারপ্রার্থীদের কাছে সুস্পষ্ট ও বোধগম্য হয় তাও দেখা দরকার।”

এদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসীমউদ্দীন এবং সমরেন্দু চক্রবর্তী, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি মহাশয়ের হাতে ‘সুধেন্দ্রনাথ মল্লিক রত্ন’ সম্মান তুলে দেন। পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের পৌত্র প্রয়াত সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন একাধারে বিশিষ্ট কবি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি।